রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে গত ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ। ৩১ দিনের এই কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছে সংগঠনটি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ইনকিলাব মঞ্চের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ও সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ঘোষণায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী, দুপুর ২টায় কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মার্চ শুরু হবে। এরপর আলেখারচর, শাসনগাছা, পুলিশ লাইন, টাউন হল ও বিশ্বরোড হয়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং সবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে কর্মসূচিটি। বিকেল ৪টার পর মার্চটি কুমিল্লা শহরে অবস্থান করবে। সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্মসূচি পালনের কথা রয়েছে।
এ বিষয়ে ইনকিলাব মঞ্চের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান অন্তর বলেন, “মূলত হাদি হত্যার বিচারের দাবিতেই ইনকিলাব মঞ্চের এই ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি। এরই অংশ হিসেবে আগামীকাল কুমিল্লায় আসছেন সংগঠনটির নেতাকর্মীরা। মার্চের শেষ পর্যায়ে তাঁরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবেন।”
ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
উল্লেখ্য, গত ১ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া ৩১ দিনের এই মার্চ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করেছে সংগঠনটি।