মোঃ জাহাঙ্গীর আলম, মেঘনা।।
কুমিল্লার মেঘনা উপজেলায় ইউপি সদস্য সাখাওয়াত হোসেনের মুক্তি ও তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টার দিকে মেঘনা থানার সামনে এ কর্মসূচি পালন করা হয়।পরে একটি বিক্ষোভ মিছিল বের করে মেঘনা হাইওয়ে সড়কের পাশে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন রাধানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে একটি প্রভাবশালী মহলের যোগসাজশে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি দীর্ঘদিন ধরে রাধানগর ইউনিয়নের কাঠালিয়া নদীপথে চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছিলেন এবং ইমরানসহ একাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।
মানববন্ধনে মেঘনা থানা বিএনপির সদস্যসচিব আজহারুল হক শাহীন বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে সাখাওয়াত হোসেন চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। কিন্তু একটি কুচক্রী মহল ও কিছু নামধারী নেতার যোগসাজশে টাকার বিনিময়ে তাঁকে নৌ-পুলিশ ফাঁড়িতে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্ট কর্মকর্তার
প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি মামলার এজাহারে উল্লেখিত ৭ নম্বর আসামি রিফাত এক বছর আগে বিদেশে চলে গেলেও তাঁকে আসামি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।’
এ বিষয়ে চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন কালবেলা কে বলেন, মেঘনার শীর্ষ চাঁদাবাজ জিয়া ও চাঁদাবাজদের সংগঠক শুকানি শফিকের কাছ থেকে প্রাপ্ত তথ্য, গোপন সংবাদের ভিত্তি এবং আদালত থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের আলোকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি দমনে দলীয় বিবেচনায় কাউকে গ্রেপ্তার বা মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। আদালত তাঁকে নির্দোষ মনে করলে তিনি মুক্তি পাবেন,তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে,তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চাঁদাবাজি নির্মূলে নৌ-পুলিশ বদ্ধপরিকর এবং এ ধরনের অপরাধে প্রকাশ্যে বা গোপনে কারও মদদ পাওয়া গেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপির নেতা আশরাফুল হক কুসুম ভূঁইয়া, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম সরকার, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, লুটেরচর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজালাল, মহিলা দল নেত্রী জাহানারা বেগম ও রুমা আক্তার, ছাত্রদল নেতা কেফায়েত উল্লাহ ও আসিফুল ইসলামসহ আরও অনেকে।