উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ‘যেকোনো মূল্যে’ তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, জ্বালানি এবং সৃজনশীল অর্থনীতির দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, রাজশাহী ও রংপুর বিভাগের সংসদ সদস্যদের পাশাপাশি উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের তিস্তা ও পানিসংকটের বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং এর স্থায়ী সমাধানে বদ্ধপরিকর।
তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের পানির অধিকার নিশ্চিত করতে সরকার পদ্মা ও তিস্তা—উভয় নদীকেই সমান গুরুত্ব দিচ্ছে। বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে এই সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে।” তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা ও পানিসম্পদ ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।