লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের
তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
ভালোভাবে লেখাপড়া করবে, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেদের যুক্ত করবে। এতে মনন বিকাশের সাথে স্বাস্থ্য সুরক্ষা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ অনুষ্ঠানে পুরস্কার বিতরন এবং আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যদানকালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ ওই বক্তব্য তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, চলমান সমীজ ব্যবস্থায় শিক্ষার্থীরা মাদকসহ নানা অপরাধ সংগঠনে যুক্ত হয়ে নিজেদের ধ্বংস করছে, পরিবারকে প্রশ্নবিদ্ধ এবং সমাজকে কলোষিত করছে। তাই সময়টা কাজে লাগিয়ে নিজেকে মেধাবী করে তুলতে, ভালো মানুষ হতে, স্বাস্থ্য সুরক্ষা এবং মনন বিকাশে লেখাপড়ার পাশাপাশি বই পড়া, ক্রীড়া- সাংস্কৃতিক কর্মকান্ডে নিজেরে যুক্ত রাখার বিকল্প নেই।
কলেজ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ জহিরুল উদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মো. কবির হোসাইন’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর, পূবালী ব্যাংক দেবীদ্বার শাখার এজিএম মো. ওয়ায়েস মাসুম চৌধূরী, ডাঃ সাদাত-ই-সাম, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও বিজয়ী শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদের পুরস্কার এবং সম্মাননা তুলে দেওয়া হয়।