স্কাউটিং তরুণদের দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে: ইউএনও অশোক বিক্রম চাকমা

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

কুমিল্লার দেবীদ্বারে দু’দিন ব‍্যাপী স্কাউট ডে-ক‍্যাম্প উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি ঘিরে সমাজসেবা, বই বিতরণ, বৃক্ষ রোপন ও মানবিক শিক্ষার্জনে মুখরিত স্কাউটরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১০ টা পর্যন্ত দুদিন ব‍্যাপী উৎসবমুখর পরিবেশে দেবীদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয় ওই বিশেষ স্কাউট ডে-ক্যাম্প।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেবীদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের সদস‍্য সচিব খন্দকার নুরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে ’দিনব‍্যাপী বিশেষ স্কাউট ডে-ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বুয়েটের অধ‍্যাপক ড. মো. খোরশেদ আলম।

উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই ক্যাম্পে উপজেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬০ জন স্কাউট এবং ৬ জন স্কাউট লিডার অংশগ্রহন করেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো,- আল-মুনতাহা আইডিয়াল স্কুল ও মাদ্রাসা (ছাইচাপাড়া), অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, দেবীদ্বার ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ও জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। দুই দিন ব্যাপী এই ক্যাম্পে স্কাউটিংয়ের মূলমন্ত্র ও সামাজিক দায়িত্ববোধের ওপর ভিত্তি করে নানা কর্মসূচী পরিচালিত হয়।

প্রথম দিনে স্কাউটদের বিভিন্ন নিয়মানুবর্তিতা, দলগত কাজ এবং স্কাউট হাইকিংয়ের ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সদস্যদের দীক্ষা ও শপথ গ্রহণ করানো হয়। স্কাউটদের নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে একটি বিশেষ ‘স্কাউটস ওন’ সেশনের আয়োজন করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্কাউট সদস্যরা দেবীদ্বার উপজেলা পরিষদ চত্বর এবং মফজউদ্দীন স্কুল চত্বরে একটি বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

ক্যাম্পের সমাপনী দিনে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবেশ রক্ষায় শিশুদের মাঝে ওষুধি গাছের চারা বিতরণ করেন। একই সাথে শিশুদের পাঠাভ্যাস ও মেধা বিকাশের লক্ষ্যে জ্ঞানমূলক বিভিন্ন বই বিতরণ করেন।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি (ইউএনও) অশোক বিক্রম চাকমা দেবীদ্বার জাগুয়ার মুক্ত স্কাউট গ্রুপের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, “স্কাউটিং তরুণ প্রজন্মকে দেশপ্রেমিক এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রমে সব সময়ই সহযোগিতা থাকবে।”

দুই দিন ব্যাপী এই ক্যাম্পটি দেবীদ্বারের তরুণ স্কাউটদের মাঝে দারুণ উদ্দীপনার সৃষ্টি করেছে এবং একটি সফল ও অনুকরণীয় আয়োজন হিসেবে সম্পন্ন করা হয়।