কুবি প্রতিনিধি।।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা, দেশজুড়ে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা এবং ভিন্ন সংগঠনের আড়ালে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কুবি ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ। এ সময় যুগ্ম আহ্বায়ক মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাতসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই কর’, ‘জাতীয়তাবাদী ছাত্রদল, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘হই হই রই রই, কুত্তালীগ গেলি কই’, ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
মিছিল পরবর্তী বক্তব্যে ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, সারাদেশে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর পেটোয়া বাহিনীর দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকতে ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষার্থীদের ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এ প্রতিবাদ মিছিল করা হয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের হল ও অনুষদগুলোর নেতাকর্মীদের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় সিদ্ধান্ত মেনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।