দেবীদ্বারে ১০০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি কাজী এনামুল গ্রেফতার

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

কুমিল্লার দেবীদ্বারে আন্তঃজেলা মাদক কারবারি কাজী এনামুল হাসান (৩৩)-কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে দেবীদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নোয়াবগঞ্জ (কোটনা) গ্রামের কাজী বাড়িতে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক কাজী এনামুল হাসান (৩৩) নোয়াবগঞ্জ কাজী বাড়ির কাজী মাওলানা আব্দুস সালাম পীর সাহেবের ছেলে।

দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) তানভীর জানান, দেবীদ্বার থানার একটি ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে পুলিশের একটি দল নোয়াবগঞ্জ কাজী বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় কাজী এনামুল হাসানের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি নীল এয়ারটাইট পলিব্যাগ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কাজী এনামুল হাসান জানান, ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর গ্রামের রাসেল (৩৪) নামের এক ব্যক্তির কাছ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় গ্রেফতার কাজী এনামুল হাসান ও পলাতক রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় দেবীদ্বার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর গ্রামবাসী মাইকিং করে এ মাদক কারবারির বাড়ি গুঁড়িয়ে দিয়ে গোটা পরিবারকে গ্রামছাড়া করেছিল। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরলেও এনামুল হাসানের বাড়ি ফেরা নিষিদ্ধ ছিল।

স্থানীয়রা জানান, আন্তঃজেলা মাদক কারবারি কাজী এনামুল হক (৩৩) দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, মদ প্রকাশ্যে বিক্রি করে আসছিলেন। কাজী এনামুল হাসান একাধিকবার মাদক ব্যবসা ও নারী নির্যাতন মামলায় গ্রেফতার এবং জেল খাটলেও জামিনে এসে পুরোদমে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।

দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গ্রেফতার কাজী এনামুল হাসানের বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ একাধিক মামলা রয়েছে। অপরদিকে পলাতক রাসেলের বিরুদ্ধেও ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা রয়েছে। পলাতক রাসেলকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।