নগরীর গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লা নগরীর ৫নং ওয়ার্ডে গাংচর রোডে একটি  ভবন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভবনটিতে বর্তমানে পাঁচটি পরিবার বসবাস করছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন  বাসিন্দারা।

এলাকাবাসীর অভিযোগ, কোনো ধরনের  ভিত্তিকাঠামো (ফাউন্ডেশন) ছাড়াই ভবনটি তিনতলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। তবে ভবনের মালিকের দাবি, ইঁদুরে মাটি সরিয়ে ফেলার কারণেই ভবনে এই তির্যক ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় প্রতিবেশী ও ভবনে বসবাসরত ভাড়াটিয়াদের অভিযোগ, বাড়ির মালিক আকতার হোসেন ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থার কথা জানলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। উল্টো চরম ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দোকান ও বাসা ভাড়া দিয়ে মানুষের জীবনকে বিপন্ন করছেন।

ভবনটির বর্তমান অবস্থা সম্পর্কে ৫ নং ওয়ার্ডের পানপট্টি রোডের বাসিন্দা ও বাড়ির মালিক আকতার হোসেন জানান, ২০১৫ সালে তিনি এই ভবনটি নির্মাণ করেন। তার দাবি, “ইঁদুর নিচের মাটি সরিয়ে ফেলায় ভবনে কিছুটা তির্যক ফাটল ধরেছে। তবে এতে মানুষের কোনো ক্ষতি হবে না। যদি কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার আমি নেব।” একই সাথে তিনি দাবি করেন, তার ভবনের ৬ তলা পর্যন্ত পৌর অনুমোদন রয়েছে এবং ভবনটি ৭০ ফিট পাইলিং করে ফাউন্ডেশন দিয়েই তৈরি করা হয়েছে।

এই বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন জানান, লিখিত অভিযোগ পেলে দ্রুত সেখানে প্রতিনিধি পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।