তামীম আহাম্মেদ।।
পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াতে আবারও মুখরিত হতে যাচ্ছে কুমিল্লা নগরী। গত বছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে ‘কুমিল্লা আন্তর্জাতিক কেরাত সম্মেলন ২০২৬’। আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত এ ধর্মীয় আয়োজন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা নগরীর টাওয়ার হসপিটালের অফিস কক্ষে আয়োজিত এক সভায় সম্মেলনের তারিখ চূড়ান্ত করা হয়। আল কোরআন একাডেমি কুমিল্লার সভাপতি আলহাজ্ব নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সম্মেলনের সার্বিক আয়োজন, প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় আল কোরআন একাডেমি কুমিল্লার সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, পবিত্র কোরআনের শিক্ষা, সৌন্দর্য ও মর্মবাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দেশ-বিদেশের খ্যাতিমান ক্বারিদের কণ্ঠে হৃদয়জুড়ানো তিলাওয়াত শোনার সুযোগ তৈরি করাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য।
প্রতিবছরের মতো এবারও সম্মেলনকে ঘিরে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আন্তর্জাতিক কেরাত সম্মেলনের মধ্য দিয়ে কোরআনের আলো ছড়িয়ে পড়ুক মানুষের হৃদয়ে এমন প্রত্যাশা আয়োজকদের।