মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে—যেগুলো শুধু কল্পনা নয়, বরং নিজের যোগ্যতা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের উপর দাঁড়িয়ে গড়ে ওঠা দৃঢ় প্রত্যাশা। প্রত্যাশিত ও কাঙ্খিত স্থানের দায়িত্ব পাওয়া এমনই এক স্বপ্ন, যা শুধু পদ বা অবস্থানের অর্জন নয়; এটি আত্মমর্যাদা, আস্থা এবং দায়িত্ববোধের এক মহৎ স্বীকৃতি।
কোনো কাঙ্খিত দায়িত্ব পাওয়ার পথ কখনো সহজ নয়। এর পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, আত্মসংযম, ব্যর্থতার মুখোমুখি হওয়ার সাহস এবং নিজেকে ক্রমাগত উন্নত করার অদম্য প্রচেষ্টা। প্রতিটি ছোট সাফল্য, প্রতিটি ভুল থেকে শেখা শিক্ষা—সব মিলিয়েই তৈরি হয় বড় অর্জনের ভিত্তি। যে ব্যক্তি নিজের লক্ষ্য স্পষ্টভাবে নির্ধারণ করে, নিয়মিত পরিশ্রম করে এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে জানে, তার কাছেই একদিন সেই দায়িত্ব এসে ধরা দেয়।
কিন্তু দায়িত্ব পাওয়া মানেই যাত্রার সমাপ্তি নয়; বরং সেটিই একটি নতুন সূচনা। কাঙ্খিত স্থানে পৌঁছানোর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই আস্থার মর্যাদা রক্ষা করা। সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতা দিয়ে দায়িত্ব পালন করতে পারলেই প্রকৃত অর্থে স্বপ্ন পূরণ হয়। কারণ একটি পদ শুধু ক্ষমতার প্রতীক নয়, এটি মানুষের বিশ্বাসের ভারও বহন করে।
স্বপ্ন পূরণের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই দায়িত্বের মাধ্যমে সমাজ, প্রতিষ্ঠান কিংবা দেশের জন্য ইতিবাচক পরিবর্তন আনা যায়। নিজের উন্নতির পাশাপাশি অন্যের কল্যাণে কাজ করার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।
অতএব, প্রত্যাশিত ও কাঙ্খিত স্থানের দায়িত্ব পাওয়ার স্বপ্ন শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়; এটি অধ্যবসায়, আত্মবিশ্বাস ও দায়িত্ববোধের এক অনন্য উদাহরণ। যে হৃদয়ে স্বপ্ন আছে এবং যে হাতে কর্ম আছে—তাঁর জন্য কোনো কাঙ্খিত স্থানই অসম্ভব নয়।
একজন সজ্জন ও প্রিয় রাজনীতিক কেবল ক্ষমতার অধিকারী নন, হয়ে ওঠেন মানুষের হৃদয়ের অধিকারী। তার কথায় থাকে আন্তরিকতা, কাজে থাকে সততা, আর সিদ্ধান্তে থাকে জনগণের কল্যাণের স্পষ্ট প্রতিফলন। তিনি প্রতিশ্রুতি দেন কম, কিন্তু কাজ করেন বেশি।
এমন রাজনীতিক মানুষের দুঃখে পাশে দাঁড়ান, আনন্দে অংশ নেন এবং সংকটে সাহস জোগান। তিনি ভিন্নমতকে সম্মান করেন, সমালোচনাকে গ্রহণ করেন এবং ন্যায়নীতিকে অটুট রাখেন। তাঁর নেতৃত্ব বিভাজন সৃষ্টি করে না, বরং ঐক্যের সেতুবন্ধন গড়ে তোলে।
সজ্জন ও প্রিয় রাজনীতিকের প্রকৃত শক্তি তাঁর চরিত্রে—সততা, বিনয় ও দায়বদ্ধতায়। জনগণের আস্থা অর্জনই তাঁর সবচেয়ে বড় অর্জন, আর মানুষের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় পুরস্কার।
আমিনুর রশিদ ইয়াসিনকে আমি কুবের মাঝি বলেছিলাম। কারণ কুবের মাঝি ছিল নদীর বুকে ছোট্ট নৌকার সাহসী পথিক—ঢেউয়ের সঙ্গে লড়াই করে, ঝড়কে সঙ্গী করে সামনে এগিয়ে যাওয়া মাঝি। আজ সেই কুবের মাঝি হয়েছেন শক্তিশালী সাবমেরিন। এখন তিনি শুধু পানির উপর ভেসে থাকবেন না, গভীরতার ভেতর দিয়ে পথ খুঁজে নিতেও সক্ষম হবেন।
আগে তার শক্তি ছিল হাতের বৈঠায়, এখন তার শক্তি হবে প্রজ্ঞা, কৌশল আর দূরদর্শিতায়। ঝড় তাকে আর ভয় দেখাতে পারবে না; বরং সে ঝড়ের নিচ দিয়েই নীরবে এগিয়ে যাবে লক্ষ্যে। সময়ের সঙ্গে নিজেকে বদলে নিয়ে কুবের মাঝি প্রমাণ করেছে—যে সংগ্রাম জানে, সে একদিন শক্তিতে পরিণত হয়। এ গল্প একটি রূপান্তরের, আত্মবিশ্বাসের এবং গভীর শক্তি অর্জনের এক অনুপ্রেরণার।
আমিনুর রশিদ ইয়াসিন দুটি স্বপ্নের কথা আমাকে কয়েকবার বলেছেন। ‘১. যদি এমপি হতে পারেন তাহলে অন্তত কুমিল্লাকে ‘ল্যান্ড অব ল’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। কারণ আইনের শাসনের গভীরেই জনগণের সার্বভৌমত্ব নির্ভর করে। ২. যদি বড়ো দায়িত্ব বা মন্ত্রী হতে পারেন, তাহলে কৃষির ক্ষেত্রে ভূমিকা রাখতে নিজেকে উজার করে দিবেন’। কারণ কৃষির মাধ্যমেই এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন সম্ভব। রাষ্ট্র তাঁকে বড়ো স্বপ্নটির দায়িত্ব দিয়েছে। আমরা এখন ভালো কিছুর প্রত্যাশা করতেই পারি।।
লেখকঃ নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক