তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।
কুমিল্লার দেবীদ্বারে সোনালী ব্যাংক পিএলসি-এর কাছে বন্ধকীকৃত একটি জুট মিলের প্রায় ১৩ হাজার কেজি যন্ত্রাংশ অবৈধভাবে পাচারের চেষ্টার অভিযোগে “উষা জুট স্গেপিনার্স লিঃ’র মালিকপক্ষ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এই ঘটনায় পুলিশ ১২,৯৫৫ কেজি স্পিনিং মেশিনের যন্ত্রাংশ ও মালামালসহ দুইটি ট্রাক জব্দসহ ঘটনার সাথে জড়িত ৮ জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত অনুমান সাড়ে ১২টায় দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের আসাদনগর এলাকায় অবস্থিত ‘উষা জুট স্পিনার্স লিঃ’ মিলের ভেতরে এই পাচারের ঘটনা ঘটে।
ওই ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর ) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি-এর ঢাকা স্থানীয় কার্যালয়ের কর্মকর্তা মোঃ সোহেল রানা বাদী হয়ে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেন। মামলায় এজহার নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: ট্রাক চালক মোঃ রনি (২০), হেলপার ইয়াকুব মুন্সি (১৯), ড্রাইভারের সহযোগী সুলতান (৩৪), অপর ট্রাকের চালক শাহআলম (৩২), হেলপার আরাফাত (১৮) এবং পাচার কাজের সহযোগী ফরহাদ হোসেন (৫০), মোঃ মকবুল হোসেন (৭৪) ও মোঃ নুরুল আমিন (৩৭)।
এছাড়াও মামলায় মিলের মালিকপক্ষের আবুল বাশার ও সায়রা হায়দারসহ অন্য আসামিদেরও অভিযুক্ত করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, সোনালী ব্যাংক পিএলসি (স্থানীয় কার্যালয়, ঢাকা)-এর মামলাকৃত ও শ্রেণীকৃত ঋণগ্রহীতা প্রতিষ্ঠান উষা জুট স্পিনার্স লিঃ-এর বিরুদ্ধে অর্থঋণ আদালত আইন, ২০০৩ (সংশোধন ২০১০) এর আওতায় ২০২৪ সালের ২০ মার্চ একটি অর্থঋণ মামলা (মামলা নং- ১০০১/২০২৪) দায়ের করা হয়।
গত ২২ সেপ্টেম্বর রাতে মিলের মালিকপক্ষ ব্যাংকের কাছে বন্ধকীকৃত সম্পত্তির বিপুল পরিমাণ মালামাল মিল থেকে বের করে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে।
মালামাল পাচারের সময় চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় সুমনের ভাঙ্গারী দোকানের সামনে থেকে জনতা মালামালসহ দুইটি ট্রাক আটক করে। খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি নিজেদের হেফাজতে নেয় এবং চালক ও সহযোগীদের আটক করে। পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে এই চক্রের সাথে জড়িত আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে ঢাকা মেট্রো-ট-১৮-১০৮৩ নম্বর ট্রাক থেকে ৮,০৫৫ কেজি স্পিনিং মেশিনের যন্ত্রাংশ এবং ঢাকা মেট্রো-ন-২১-৫৩৫৮ নম্বর ট্রাক থেকে ৪,৯০০ কেজি স্পিনিং মেশিনের মোটর ও বিভিন্ন যন্ত্রাংশসহ সর্বমোট ১২,৯৫৫ কেজি মালামাল উদ্ধার করা হয়।
যেহেতু মূল ঘটনাস্থল দেবীদ্বার থানা এলাকায়, তাই চান্দিনা থানা পুলিশ জব্দকৃত ট্রাক, মালামাল এবং আটককৃত আসামিদের দেবীদ্বার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দেবীদ্বার থানা পুলিশ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।