কুমিল্লায় গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মহালয়া উৎসব ১০ অক্টোবর

তাপস চন্দ্র সরকার।।

কুমিল্লার সকল গীতা শিক্ষালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে শ্রীশ্রী দুর্গোৎসবের পুণ্যময় সূচনা হতে যাচ্ছে মহালয়া উৎসবের মধ্য দিয়ে।

আগামী ১০ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল সাড়ে ৬টায় নগরীর কান্দিরপাড় মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজ রাজেশ্বরী কালী মায়ের বাড়িতে এ মহালয়া উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্যে থাকবে বেদমন্ত্র পাঠ, চণ্ডী পূজা, চণ্ডী পাঠ ও আহ্বান গীতি। এসব আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ১০টায় উৎসবে আগত ভক্ত-শ্রোতাদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শারদীয় দুর্গোৎসবের সূচনালগ্নের এ মহালয়া অনুষ্ঠানকে সার্থক ও সুন্দরভাবে সম্পন্ন করতে সনাতন ধর্মাবলম্বী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিতব্য এ আয়োজনে কুমিল্লার বিভিন্ন গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সনাতনী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করবেন।