কুমিল্লায় তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ ১৯ মে শুরু

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লায় ভূমি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধি ও নাগরিকদের সহজে ডিজিটাল ভূমিসেবা প্রদানের লক্ষ্যে আগামী ১৯ মে থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত উপজেলা ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লা প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে।

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন, কুমিল্লা ও উপজেলা ভূমি অফিস, আদর্শ সদর, কুমিল্লার যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী দিনে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আয়োজিত প্রেস বিপিং এ জেলা প্রশাসক রেজা হাসান জানান, ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ মেলা আয়োজন করা হচ্ছে। একই দিন ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
মেলার মূল উদ্দেশ্য হলো অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের উৎসাহিত করা, ভূমি সংক্রান্ত তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং জনগণের কাছে ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়া।
ভূমি মন্ত্রণালয়ের “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” কার্যক্রমের আওতায় বর্তমানে ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ, ডিজিটাল রেকর্ড রুম, ডাকযোগে খতিয়ান ও পর্চা সরবরাহ, ডিজিটাল সার্ভেয়িং ও ম্যাপিং, অনলাইন জলমহাল ইজারা, ল্যান্ড জোনিং এবং অনলাইন শুনানি সেবাসহ বিভিন্ন আধুনিক সেবা চালু রয়েছে। কুমিল্লা জেলার রাজস্ব শাখা, জেলা রেকর্ড রুম, ১৭টি উপজেলা ভূমি অফিস এবং ১৭২টি ইউনিয়ন ভূমি অফিসের মাধ্যমে এসব সেবা প্রদান করা হচ্ছে।
মেলায় নাগরিকদের জন্য বিভিন্ন তাৎক্ষণিক সেবার ব্যবস্থা থাকবে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলা কুমিল্লাবাসীর মধ্যে ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবার প্রতি আস্থা ও সচেতনতা আরও বৃদ্ধি করবে।