ডেস্ক রিপোর্ট।।
শিশুদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও সৃজনশীল প্রতিভা বিকাশে কুমিল্লায় আয়োজন করা হচ্ছে সিরাত ও কালার প্রতিযোগিতা।
শিক্ষা সেমিনার ও আনন্দ উৎসব উপলক্ষে এ ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করেছে ফার্স্ট হলি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদরাসা।
বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর শাখায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা আমজাদ হোসেন বেলাল।
আগামী ১২ নভেম্বর সকাল ৯টায় কুমিল্লা সদর শাখা ও টমছমব্রীজ শাখায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
পরবর্তীতে নজরুল ইন্সটিটিউট এ অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী ও শিক্ষা সেমিনার অনুষ্ঠান।
আয়োজকরা জানান, সিরাত প্রতিযোগিতায় ৭ থেকে ১১ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে। অন্যদিকে, ৪ থেকে ৬ বছর বয়সী শিশুরা অংশ নিতে পারবে কালার প্রতিযোগিতায়।
শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণই নয়, শিশুদের জন্য থাকছে বাড়তি আনন্দের সুযোগ। অংশগ্রহণকারী প্রত্যেক শিশু ধর্মসাগর শিশু পার্কে বিনামূল্যে প্রবেশের পাশাপাশি পার্কের সব রাইড উপভোগ করতে পারবে বলে জানান প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ইয়াসিন হানজালা ইফতি।
সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের একাডেমিক হেড আরাফাত চৌধুরী, ডিএমডি মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ নোয়াব মিয়া উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হওয়ার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে।