তাপস চন্দ্র সরকার।।
কুমিল্লা নগরীর মনোহরপুরস্থ শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের ১১তম পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
মহানামযজ্ঞ উপলক্ষে কালী বাড়ির পক্ষ থেকে অংশগ্রহণকারী বিভিন্ন কীর্তনীয়া দলের নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুব্রত চৌধুরী তপু কীর্তনীয়া দলগুলোর নেতাদের হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেন।
মহানামযজ্ঞে বিভিন্ন জেলা ও উপজেলার খ্যাতনামা কীর্তনীয়া দল অংশগ্রহণ করে নামসুধা পরিবেশন করেন। এতে সাতক্ষীরার সোনার গৌর সম্প্রদায়, ভোলার বৈষ্ণব নারায়ণ দে সম্প্রদায়, কক্সবাজারের শ্রীশ্রী প্রভু নিতাই চাঁদ সম্প্রদায়, চান্দিনার বাউল সম্প্রদায়, ব্রাহ্মণবাড়িয়ার মোহন লাল সম্প্রদায় এবং কুমিল্লার প্রভু প্রাণ গোপাল সম্প্রদায় অংশ নেয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ মহানামযজ্ঞে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। কীর্তনের সুরে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা মহানামযজ্ঞে অংশ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।
অনুষ্ঠানে জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাগর দাশ, শিবপ্রসাদ মজুমদার (রাহুল)সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মন্দির কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, শ্রীশ্রী রাজ-রাজেশ্বরী কালী মায়ের মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবছরই ধর্মীয় নানা আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ২৪ প্রহরব্যাপী হরিনাম মহানামযজ্ঞের আয়োজন করা হয়। শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনায় ভক্তরা এ আয়োজনে অংশ নেন।