ডেস্ক রিপোর্ট।।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে আদালতে নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
এর আগে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় মামলা করেন। ওই মামলায় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছেলের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করে তাহসিফের বাবা সাংবাদিকদের বলেন, এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার মাধ্যমে ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে শুক্রবার মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিকে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের ব্যবহৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, ইউনিফর্ম পরিহিত দুই ব্যক্তির ধাওয়া খেয়ে তাহসিফ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। তবে তাঁর এ বক্তব্যের সত্যতা যাচাই করছে তদন্তসংশ্লিষ্টরা।
গত ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে ২৭ অক্টোবর মধ্যরাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
এদিকে তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম বলেন, দেশবাসীর মতো রাওয়ার সাবেক সেনা কর্মকর্তারাও চান, ঘটনার প্রকৃত সত্য দ্রুত উদ্ঘাটিত হোক।
সূত্র: যমুনা টেলিভিশন