কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি গ্রেফতার ও পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন

ডেস্ক রিপোর্ট।।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পক্ষপাতিত্ব এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য (ভিসি) প্রফেসর হায়দার আলীর ও কোষাধ্যক্ষ ড. সোলায়মানের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুবি ছাত্রদল। এছাড়া জনগণের এনআইডি তথ্য পাচার মামলায় ফৌজদারি আসামি ভিসি হায়দার আলীকে গ্ৰেফতারের দাবিও তোলা হয় সংবাদ সম্মেলনে। এদিকে একই দাবিতে সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বুধবার (৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কুবি ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, জনগণের এনআইডি তথ্য পাচার মামলার আসামি হয়েও ভিসি পদে বহাল থাকা অনৈতিক। তারা বলেন, বর্তমান প্রশাসনের সময়ে বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের বদলে অনিয়ম ও দুর্নীতি বেড়েছে। এ প্রশাসন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে পক্ষপাতিত্ব, টেন্ডারে অনিয়ম এবং সিন্ডিকেট ও নিয়োগ বোর্ড বিশ্ববিদ্যালয়ের বাইরে আয়োজন করা হচ্ছে, যা বিধিবহির্ভূত। এতে নির্দিষ্ট গোষ্ঠীর লোকদের নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে বলেও দাবি তাদের।

সংবাদ সম্মেলনে ছাত্রদল ৯ দফা দাবি তুলে ধরে বলেন , ভিসির গ্রেফতার, ভিসি ও কোষাধ্যক্ষের পদত্যাগ, গত কয়েক বছরের নিয়োগের তদন্ত প্রতিবেদন প্রকাশ, দুদকের তদন্তের অগ্রগতি জানানো, প্রক্টরিয়াল বডির অপসারণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসিক সুবিধা নিশ্চিত করা।
এদিকে, একই সময়ে কুবি সচেতন শিক্ষার্থী ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানান এবং দ্রুত সমাধানের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মেহেদী হাসান সোহাগ, সাগর আহমেদ, সাইদুল ইসলাম শাওন, সদস্য মোতাসিম বিল্লাহ পাটোয়ারী রিফাতসহ কুবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।