ডেস্ক রিপোর্ট।।
২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। এর মধ্যে কুমিল্লা জেলার তিনটি কলেজ রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা কুমিল্লার তিনটি প্রতিষ্ঠান হলো—সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ (লালমাই), বগইর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ (চৌদ্দগ্রাম) এবং প্রফেসর সেকান্দার আলী ভূঁইয়া গার্লস হাই স্কুল (ব্রাহ্মণপাড়া)।
শূন্য পাসের তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো—চাঁদপুরের চাঁদপুর পৌর শহীদ জাভেদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার জেনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের ড. এম. শামসুল হক মডেল কলেজ, ফেনীর বেগম শামসুন নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুরের বীর মুক্তিযোদ্ধা ডা. মমতাজ উদ্দিন আলোকিত কলেজ, নোয়াখালীর আপার মডেল কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ এবং ব্রাহ্মণবাড়িয়ার বিরগাঁও স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪ হাজার ২৭২ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে। এ বছর বোর্ডের অধীনে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাসের বিপরীতে ১৫টি প্রতিষ্ঠানে পাসের হার শূন্য।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন ফলাফল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, পাঠদান ও একাডেমিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।