কুমিল্লা-মীরপুর সড়কে বিদ্যুতের খুঁটি রেখে চলছে  সড়কের সংস্কার কাজ 

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

কুমিল্লা–মীরপুর আঞ্চলিক সড়কের সংস্কার কাজ চলমান থাকলেও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকার মধুমতী হাসপাতাল সংলগ্ন স্থানে রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই কাজ চালিয়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কারের কাজ এগিয়ে গেলেও এখনো ওই অংশে বিদ্যুতের খুঁটি অপসারণ করা হয়নি। ফলে রাস্তার মাঝখানেই খুঁটি রেখে কাজ করা হচ্ছে, যা পথচারী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করে। রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত বিদ্যুতের খুঁটি সরিয়ে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সড়কে খুঁটি রেখে যদি ঢালাই করা হয়। তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকবে। আগে খুঁটি সরিয়ে তারপর সড়কে ঢালাইয়ের কাজ করা উচিত। সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।
আরেক স্থানীয় বাসিন্দা আবছার উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা ছিল। সড়কের চলমান সংস্কার কাজ একটি ভালো উদ্যোগ। তবে সড়কের খুঁটি না সরিয়ে ঢালাই করলে যানবাহন চলাচলে সমস্যা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার।
এ সড়কের সিএনজি চালিত অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন অনেক গাড়ি ও যাত্রী চলাচল করে। সড়কে খুঁটি থাকলে দুর্ঘটনার ঝুঁকি থাকে। বিশেষ করে রাতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই সড়কে ঢালাই দেওয়ার আগে বিদ্যুতের খুঁটি সরানো জরুরি।
এ সড়কের নিয়মিত যাত্রী মোঃ আকিব বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়া আসা-যাওয়া করি। সড়ক সংস্কারে সাময়িক কষ্ট হলেও আমরা খুশি। তবে উপজেলা সদরের দক্ষিণ বাজারে সড়কের মধ্যে কয়েকটি বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এতে অদূর ভবিষ্যতে দুর্ঘটনার সৃষ্টি হতে পারে। সড়ক থেকে বিদ্যুতের খুঁটি সরিয়ে নিয়ে ঢালাই করা উচিত।
ব্রাহ্মণপাড়া পল্লী বিদ্যুতের ডিজিএম আবদুল আজিজ বলেন, সড়ক ও জনপথ বিভাগের লোকজন, আমাদের বিদ্যুৎ বিভাগের লোকজন এবং বাজার কমিটির লোকজন বিদ্যুতের খুঁটি সরানো নিয়ে ইতোমধ্যে কয়েকবার বৈঠক করেছি। সড়ক বিভাগের লোকজন খুঁটি সরিয়ে কোথায় বসানো হবে, তা এখনো নির্ধারণ করতে পারেননি। তবে পল্লী বিদ্যুৎ ও সড়ক বিভাগের লোকজন খুঁটি সরানো নিয়ে আবারও আলোচনা করছেন। আশা করছি শীগ্রই সিদ্ধান্ত হবে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এটি সড়ক বিভাগের কাজ। কাজের শুরুতেই সড়ক বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে ব্রাহ্মণপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম ও এজিএমদের যোগাযোগ করিয়ে দিয়েছি এবং সমন্বয় করে কাজ সম্পন্ন করতে বলেছি। ফেসবুকে সড়কে খুঁটির বিষয়টি দেখে সড়ক বিভাগ ও পল্লী বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করা যাবে না—এ বিষয়টি নিশ্চিত করতে তাদের বলা হয়েছে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাইয়ের কাজ হবে না। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি।