ডেস্ক রিপোর্ট:
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ইসিজি ও ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, ওষুধের মজুতে বড় ধরনের ঘাটতি এবং পরিচ্ছন্নতা সামগ্রী কেনাকাটায় অস্বাভাবিক ব্যয়ের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৫ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম হাসপাতালে এ অভিযান পরিচালনা করে। দলের অন্য দুই সদস্য ছিলেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
দুদকের অভিযান সূত্রে জানা যায়, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে প্রতিটি ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও কোনো সরকারি রশিদ দেওয়া হয় না। দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান ছোট সাদা কাগজে টাকার হিসাব রাখতেন এবং পরে নিজের সুবিধামতো মাত্র ৩০ থেকে ৫০ জন রোগীর নামে রেজিস্টারে তথ্য তুলতেন। অথচ প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে আসেন। অভিযানকালে তাঁর ড্রয়ার থেকে রশিদ বই উদ্ধার করা হয়, যেখানে গ্রাহকের কপি রোগীদের না দিয়ে নিজের কাছেই রেখে দেওয়ার প্রমাণ মিলেছে। জিজ্ঞাসাবাদে এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মী।
অন্যদিকে ইকো পরীক্ষার সরকারি নির্ধারিত ফি ২০০ টাকা হলেও রোগীদের কাছ থেকে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা দিলে তাৎক্ষণিকভাবে ইকো পরীক্ষা করে দেওয়া হয়, আর সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পরের তারিখ দেওয়া হয়। ইকো কক্ষে দায়িত্বরত কর্মীদের কাছে পৃথক সাদা কাগজে রোগীদের তালিকা রাখার বিষয়টিও দুদকের নজরে এসেছে।
হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে দেখা যায়, সেখানে নিয়মিত হিসাব হালনাগাদ করা হয় না। বাস্তব মজুত গণনা করে রেজিস্টারের সঙ্গে কোনো মিল পাওয়া যায়নি। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া গেছে ২৫ হাজার ৬০০ পাতা; অর্থাৎ ঘাটতি রয়েছে এক হাজার পাতা।
কেন্দ্রীয় ওষুধের স্টোরেও স্টোর কিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে মজুত যাচাই করে বড় ধরনের গরমিল পাওয়া যায়। একটি হিসাবে ২৪ হাজার ২৬৫টি ওষুধ থাকার কথা থাকলেও ‘এস্কেপ’ ও ‘বিকন’ ব্র্যান্ডের ওষুধ মিলিয়ে পাওয়া গেছে ১৭ হাজার ৬০৯টি; বাকি ৬ হাজার ৬৫৬টি ওষুধের কোনো হিসাব দিতে পারেননি স্টোর কিপার। এ ছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে মিলেছে ১৯ হাজার ১০০টি, যেখানে ঘাটতি প্রায় এক হাজার ইনজেকশন। পাশাপাশি কয়েক ধরনের ইনজেকশনের প্যাকেটে সরকারি সম্পত্তি হিসেবে কোনো চিহ্ন বা সিল পাওয়া যায়নি। মজুতে ঘাটতি ও সরকারি সিল না থাকায় এসব ওষুধ বাইরে বিক্রি বা আত্মসাতের আশঙ্কা করছে দুদক।
হাসপাতালের পরিচ্ছন্নতা সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স মিথিল এন্টারপ্রাইজের পণ্যের চালান ও বাজারমূল্য যাচাই করে দুদক দেখেছে, বাজারদরের চেয়ে দেড় থেকে তিন গুণ বেশি দামে বিভিন্ন পণ্য কেনা হয়েছে। এর মধ্যে ৬০ টাকার মেরিল সাবান ৮৯ টাকায়, ১৪০ টাকার টয়লেট ক্লিনার ২৪৯ টাকায়, ২০০ টাকার ফিনাইল ৩৯৯ টাকায়, ২৫ টাকার টিস্যু ৬৯ টাকায় এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ ১৯০ টাকা দরে কেনা দেখানো হয়েছে। এ ছাড়া ১৮০ টাকার ওয়াশিং পাউডার ৩৮০ টাকায়, ৮০ টাকার প্লাস্টিকের বদনা ১৪৯ টাকায় এবং ১৩০ টাকার পানির জগ ৩৭০ টাকায় কেনা হয়েছে।
দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু নথিপত্র চাওয়া হয়েছে, যা জমা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সময় চেয়েছে। প্রয়োজনীয় সব নথিপত্র সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।