‎কুমিল্লা–১ আসনে ১৪৫ কেন্দ্রে ব্যালট পেপার ও সরঞ্জাম বিতরণ শুরু

‎রোমান মিয়াজী, দাউদকান্দি প্রতিনিধি

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের ১৪৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সরবরাহ শুরু করেছে প্রশাসন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দাউদকান্দি ও মেঘনার বিতরণ কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সেগুলো কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
‎দাউদকান্দিতে ১০৭টি কেন্দ্র ও ৬৮৮টি ভোটকক্ষের বিপরীতে ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ৫৩৫ জন। মেঘনায় ৩৮টি কেন্দ্র ও ২২৩টি ভোটকক্ষে ভোটার ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন।

‎প্রশাসন জানিয়েছে, সব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত বাহিনী ও ভ্রাম্যমাণ টিম দায়িত্ব পালন করবে। মেঘনার ৩৮টি কেন্দ্রই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছে প্রশাসন।