চট্টগ্রামে নবনির্মিত ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন ২৪ সেপ্টেম্বর

তাপস চন্দ্র সরকার।।
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ২২ নম্বর এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়ায় নবনির্মিত শ্রীশ্রী সর্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের শুভ উদ্বোধন আগামী ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার ভোর থেকে শুরু হবে দেবীর আগমন ও মাতৃবরণ এবং শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।

পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে মায়ের পূজার মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এরপর অনুষ্ঠিত হবে মাতৃ পূজা, মন্দির উদ্বোধন ও প্রদীপ প্রজ্জ্বলন। শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজের পরিবেশনায় থাকবে শ্রীশ্রী চণ্ডী পাঠ, শ্রীশ্রী গীতাযজ্ঞ ও দীক্ষা দান। এছাড়া থাকবে সম্মাননা প্রদান ও মায়ের রাজভোগ নিবেদন।
দুপুরে উৎসবে আগত ভক্ত-শ্রোতাদের মাঝে অন্ন প্রসাদ বিতরণ করা হবে। পরে ব্রজধাম গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় সহস্র কণ্ঠে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী আলোচনা সভা শেষে রাত ৮টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রণাম ব্যান্ড, অর্পনা দেবনাথ, মা দক্ষিণেশ্বরী ও টিম মঙ্গলময়ী সংগীত পরিবেশন করবে।

অনুষ্ঠানে নবনির্মিত মন্দিরের শুভ উদ্বোধন ও দীক্ষা প্রদান করবেন চট্টগ্রামের সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের পঞ্চম অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, নবনির্মিত এই মন্দিরের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রতিটি ধর্মীয় পর্বে সনাতন ধর্মাবলম্বী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, ভক্ত ও সনাতনী সম্প্রদায়ের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।