চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে চাপা পড়ে সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন; সিএনজি অটোরিকশা চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুরের শফিক মিয়ার ছেলে আবদুল মতিন(৩৫) ও কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলার আমিনুল ইসলামের ছেলে আরিফ হোসেন(৪০)। সোমবার বিকেলে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিরঞ্জন কুমার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠে জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামের সুফিয়া বেগম, হিঙ্গুলার আরিফ হোসেন, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মোঃ রাসেল ও মোঃ ইয়াকুব। কিছুদূর এগিয়ে গেলে মহাসড়কের কালিকসার এলাকায় পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি লরির পিছনে ধাক্কা দেয়।
এতে সিএনজি অটোরিকশা দূমড়ে মুচড়ে যায় এবং সিএনজি চালক কালিকাপুরের আবদুল মতিন, যাত্রী সুফিয়া বেগম, আরিফ হোসেন, রাসেল ও ইয়াকুব আহত হন। স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি অটোরিকশা চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াকুবকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর দুইজন সুফিয়া বেগম ও রাসেলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আরিফ হোসেন, তাঁর খালাতো ভাই মোঃ রাসেল ও মোঃ ইয়াকুবসহ খালাতো ভাই মামুনের বিয়েতে বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মুহুর্তেই আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
নিহত আরিফ হোসেনের খালাতো ভাই মোঃ মামুন বলেন, বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজী বাড়িতে এসেছি। কিন্তু আমাদের নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় আপন ভাই রাসেল ও ইয়াকুব, খালাতো ভাই আরিফ হোসেন পরবর্তীতে সিএনজি অটোরিকশা করে রওয়ানা দেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় খালাতো ভাই আরিফ হোসেনের নিহত হয়েছেন এবং আপন ভাই রাসেল ও ইয়াকুব আহত হয়েছেন। এখন আমার বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। গুরুতর একজনকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। অপর দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, নিহত ও আহতদের উদ্ধার শেষে হাসপাতালে নেয়া হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।