স্টাফ রিপোর্টার।।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকালে কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় কুমিল্লা সিটি করপোরেশন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারি আবু, জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ জুলাই যোদ্ধা, জুলাই পরিবারের সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে টাউন হল থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এরপর জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সেই চেতনা ধারণ করার আহ্বান জানান।