দেবিদ্বারে জাফরগঞ্জ-বিষ্ণুপুর গোমতী সেতু নির্মাণের দাবিতে হাসনাত আবদুল্লাহর সঙ্গে এলাকাবাসীর মতবিনিময়

পারভেজ সরকার, দেবিদ্বার।।

কুমিল্লার দেবিদ্বারে জাফরগঞ্জ থেকে বিষ্ণুপুর পর্যন্ত গোমতী নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে এ সভার আয়োজন করা হয়।

সভায় এলাকাবাসী তাদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে চলাচলের সুবিধার্থে জাফরগঞ্জ-বিষ্ণুপুর সংযোগ সেতু নির্মাণের দাবি জানান। এ সময় রঘুরামপুর গ্রামের বাসিন্দারা প্রতিবছর বন্যায় নদীতীরবর্তী বাড়িঘর তলিয়ে যাওয়া এবং নদীভাঙনে বসতভিটা ও ফসলি জমি হারানোর সমস্যার কথা তুলে ধরেন। এসব দুর্ভোগ থেকে স্থায়ী মুক্তির জন্য নদীর গতিপথ পরিবর্তনে লুপ কাটিংয়ের ব্যবস্থার দাবিও জানান ভুক্তভোগীরা।

এ সময় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংসদের পরবর্তী অধিবেশনে আমি বিষয়টি নিয়ে কথা বলব। আমার জায়গা থেকে এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। আমার এলাকার জন্য, আমার গ্রামবাসীর জন্য, আমার উপজেলাবাসীর জন্য কোনো জায়গায় যদি ১০ বার গিয়ে অনুরোধ করতে হয়, তাতেও আমার কোনো আপত্তি নেই।’

তিনি আরও বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে তাঁর পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।