পারভেজ সরকার, দেবিদ্বার:
মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দিতে কুমিল্লার দেবিদ্বারে দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
দি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মো. মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. জামাল উদ্দিন দুলাল, দেবিদ্বার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. সাইফুল ইসলাম মোরশেদ ও সভাপতি মো. রুহুল আমিন।
এ ছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক মো. জামাল হোসেন ও অভিভাবক মো. মাছুম বিল্লাহ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নৈতিকতা, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি অর্জনের সুযোগ দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের সম্পৃক্ত করা প্রয়োজন।
তারা বলেন, একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল লক্ষ্য। পুরস্কার ও সংবর্ধনা শিক্ষার্থীদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের নির্বাহী পরিচালক ও উপাধ্যক্ষ মো. ময়নাল হোসেন (মনির), নির্বাহী পরিচালক ও কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, নির্বাহী পরিচালক মো. রাশেদুল মনির, শিক্ষক মো. নুরুল ইসলাম, হামিদা রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।