পারভেজ সরকার, দেবিদ্বার:
কুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
এ সময় বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার বানিন রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকসানা আক্তার, দেবিদ্বার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবিদ্বার উপজেলা আমির অধ্যাপক শহিদুল ইসলাম, এনসিপি দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক বিমল কুমার দত্ত এবং পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আক্তার হোসেন ও সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।