তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা দেবীদ্বার উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ এবং সাংবাদিকবৃন্দ।
প্রথম পর্যায়ে উদ্বোধনের পর সোমবার বিকেল থেকে দেবীদ্বার উপজেলার ২টি ইউনিয়ন (৪ নং সুবিল এবং ১০ নং গুনাইঘর দক্ষিণ)-এ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণ প্রতিটি খানার তথ্য সংগ্রহ শুরু করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, প্রত্যেকটি ফ্যামিলির নারী প্রধানরা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এখানে দলমত, ধনী-গরিব দেখার সুযোগ নেই। তবে কারা সুযোগ-সুবিধা পাবে, তা মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। সরকারের এই প্রকল্প বাস্তবায়নে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং একইসঙ্গে সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।