দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসায় একজনও পাস করেনি

পারভেজ সরকার:

কুমিল্লার দেবিদ্বারে এইচএসসি সমমানের পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারেনি অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে একটি মাদ্রাসার কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি।

দেবিদ্বার উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মোট ২ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১ হাজার ১৫১ জন। সে হিসাবে পাসের হার ৪২ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ জন। অন্যদিকে, একটি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

একজনও শিক্ষার্থী পাস না করা প্রতিষ্ঠানটি হলো উপজেলার বাগমারা ইসলামী আলিম মাদ্রাসা। এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, দেবিদ্বার উপজেলার চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। বিশেষ করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল খুব খারাপ হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ফলাফল খারাপ হওয়ার কারণ চিহ্নিত করা হবে এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।