তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।
কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের সরকার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
এ অগ্নিকাণ্ডে আফাজ উদ্দিন সরকারের ছেলে ফারুক সরকারের দুটি ঘর সম্পূর্ণ এবং মফিজ উদ্দিন সরকারের ছেলে আল আমিনের একটি ঘর আংশিক ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মুরাদনগর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগেই স্থানীয়দের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের টিম লিডার আমজাজ হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে দুই পরিবারের প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরবর্তীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের মধ্যে চার প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আবাসন নির্মাণে সরকারি সহায়তার আশ্বাস দেন।