‘নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জীবনী পাঠ্যবইয়ে অধ্যায় যুক্ত করার কাজ চলছে’ –শিক্ষা মন্ত্রী 

ডেস্ক রিপোর্ট।।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, কুমিল্লার নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী জীবনী পাঠ্যবইয়ে অধ্যায় যুক্ত করার কাজ চলছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

একাদশ শ্রেণির ভর্তি নিয়ে মন্ত্রী বলেন, এবার পাসের হার তুলনামূলক কম। এই কারণে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচুর আসন খালি থাকবে, ফলে ভর্তি নিয়ে কোনো বিড়ম্বনা হবে না।

শিক্ষামন্ত্রী আরো বলেন, আজকের এই দিনটি আমাদের সকলের জন্য এক স্মরণীয় দিন। আমার প্রিয় শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন এবং শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও আরও বেশি গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে আনন্দময় ও কারিগরি শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হবে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সার্বিক ব্যবস্থাপনায় এই জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বকুল, গোলাপ, পদ্ম ও চাঁপা—এই চার অঞ্চলের তিন শতাধিক সেরা খেলোয়াড় আজ চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছে। অনুষ্ঠান উপলক্ষে পুরো স্টেডিয়াম এলাকা বর্ণিল সাজে সজ্জিত করা হয় এবং সারা দেশ থেকে আসা শিক্ষার্থীদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়াসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনউদ্দীন আল মাহমুদ সোহেল।