পুলিশকে জনগণের পুলিশ হওয়ার আহ্বান হাসনাত আব্দুল্লাহ’র

গাজী রুবেল।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, পুলিশকে দলীয় হাতিয়ার নয়, জনগণের পুলিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। অন্যায় নির্দেশ বাস্তবায়ন না করে দেশের ভবিষ্যৎ প্রজন্মের পাশে দাঁড়াতে হবে।

সোমবার (১৮ মে) বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশের রাজনীতি এমনভাবে গড়ে তুলতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম ঘুষ ও তদবির ছাড়া নিজেদের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারে। আজকের শিক্ষার্থীরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের জন্য রাজনীতি না হলে সেই রাজনীতি অর্থহীন।

তিনি বলেন, “চাকরির জন্য যেন কোনো তরুণকে নেতার পেছনে দৌড়াতে না হয়। মেধা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। দেশে সুযোগ সৃষ্টি না হলে বিদেশেও কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।
বিদেশমুখী প্রবণতা কমিয়ে দেশে কর্মসংস্থানের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে তরুণদের স্বপ্ন হবে দেশেই কিছু করা, বিদেশে পাড়ি জমানো নয়।

মাদক সমস্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “শুধু মাদকসেবী নয়, মাদক ব্যবসায়ীদেরও আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক ছত্রছায়ায় যারা মাদক ব্যবসা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

নারীদের রাজনৈতিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “শুধু ভোটের আগে নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও নারীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। সমাজের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়।

সবশেষে তরুণদের উদ্দেশে তিনি বলেন, “চাঁদাবাজি বা টেন্ডারবাজির রাজনীতি নয়, পরিবর্তনের রাজনীতি গড়ে তুলতে হবে।”