আবু সুফিয়ান।।
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” –এ স্লোগানে কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে দিবসটি আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এবং কুমিল্লা বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আলম। এছাড়াও জেলা প্রশাসন ও বিআরটিএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কেবল আইনের প্রয়োগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন চালক, যাত্রী ও পথচারী সবার সম্মিলিত সচেতনতা। বিশেষ করে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর অভিযান অব্যাহত থাকবে। আমরা একটি নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ কুমিল্লা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বিআরটিএ-এর সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ ফারুক আলম তার বক্তব্যে কারিগরি দিক ও সচেতনতার ওপর জোর দিয়ে বলেন, “দক্ষ চালক তৈরিতে বিআরটিএ নিয়মিত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি এবং আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হচ্ছে।”