বুড়িচংয়ে ধানক্ষেতে মিলল ৮০ বছরের বৃদ্ধের মরদেহ

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার বুড়িচংয়ে জমি দেখতে গিয়ে ধানক্ষেতেই প্রাণ হারালেন আব্দুল বারেক (৮০) নামের এক বৃদ্ধ।

উপজেলার ময়নামতি ইউনিয়নের গন্ডুল এলাকার একটি ধানক্ষেত থেকে শনিবার তাঁর মরদেহ উদ্ধার করেছে দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি পরিদর্শনে গিয়ে স্ট্রোক করে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত আব্দুল বারেক উপজেলার বিনন্দিয়ার চর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের জমি দেখাশোনার উদ্দেশ্যে গন্ডুল এলাকায় যান তিনি। জমিতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। একপর্যায়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে অবহিত করেন।

নিহতের ছেলে মোস্তফা কামাল পুলিশকে জানান, তাঁর বাবা পূর্বেও স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তাঁর চিকিৎসাও চলছিল। শনিবার জমি দেখতে গিয়ে আবারও স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যদের ধারণা।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানক্ষেত থেকে আব্দুল বারেকের মরদেহ উদ্ধার করে।

তাঁর ছেলে মোস্তফা কামাল জানিয়েছেন, তাঁর বাবা আগে স্ট্রোক করেছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি দেখতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ছেলের জিম্মায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।