সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর

ডেস্ক রিপোর্ট।।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের কলেজ রোডের বৈদ্যপাড়া এলাকার আলহাজ নাসির উদ্দিন সড়কে অবস্থিত ‘তহুরা মঞ্জিল’ নামের বাসভবনে এ ঘটনা ঘটে। আগুনে নিচতলার একটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে গেছে এবং ভবনটির জানালার কাচ ভাঙচুর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল ওই সড়কে এসে জিয়াউল আহসানের বাসভবনে প্রবেশ করে। এরপর তারা তিনতলা ভবনটির জানালার কাচ ভাঙচুর করে এবং একপর্যায়ে নিচতলার একটি কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল আহসানের ছোট ভাই বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব ওই বাসভবনে থাকতেন। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি সেখানে থাকেন না। ভবনটির অন্য অংশে জিয়াউল আহসানের বড় ভাই ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মু. জিয়াউল হক থাকতেন; তিনিও বর্তমানে বরিশালে থাকেন না। আর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাফুজুর রহমান জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা এ অগ্নিসংযোগ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।

সূত্র: এশিয়া পোস্ট