‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যাত্রীবাহী বাসে আগুন

ডেস্ক রিপোর্ট।।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে যাত্রীবেশে উঠে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক ও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে কাঁচপুর ব্রিজের পাশে নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামার জন্য বাসটি থামানো ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক দুর্বৃত্ত বাসটিতে ওঠে। পরে ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত পালিয়ে যায় সে।

মুহূর্তের মধ্যে বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়লে চালক, হেলপার ও যাত্রীদের তৎপরতায় সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত দুর্বৃত্তকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।