হত্যার হুমকির অভিযোগে তানজিন তিশার বিরুদ্ধে নতুন মামলা

ডেস্ক রিপোর্ট।।

৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলা প্রত্যাহার করতে বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে মামলাটি করেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি জানান, তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২৭ নভেম্বর শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে তিশার বিরুদ্ধে মামলা করেন সানায়া। এরপর মামলা প্রত্যাহার করতে তাঁকে বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হয়। এমনকি বাদীর পল্লবীর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

আগের মামলায় পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে নারাজি আবেদন করেন সানায়া। রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। এরপর নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় মামলা করতে গেলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। পরে আদালতে নতুন মামলাটি করেন সানায়া।