রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন চিত্তনামা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অপ্রতিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে অপ্রতিম হত্যার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।
কর্মসূচিতে চিত্তনামার দপ্তর সম্পাদক শিবু নাইডু বলেন, ‘আজকের সমাজে নৈতিকতা ও আইনের শাসন বিলীন হয়ে যাচ্ছে। অপ্রতিমের সঙ্গে আমার সম্পর্ক খুবই সুন্দর ছিল। এই হত্যা আমাকেও ধাক্কা দিয়েছে। তাই এই জায়গা থেকে বলতে চাই, এই হত্যার বিচার হোক এবং অপ্রতিমের পরিবার এই শোক কাটিয়ে উঠুক।’
সংগঠনটির সভাপতি আল ফাহাদ বলেন, ‘এটা তো একটি রাষ্ট্রীয় হত্যা। এই হত্যার দায় রাষ্ট্র এড়াতে পারে না। অপ্রতিম হত্যা আমাদের জন্য খুবই মর্মান্তিক। এই হত্যার বিচার করার জন্য আমাদের আরও ঐক্যবদ্ধ হতে হবে। এই হত্যাকে নিয়ে রাজনৈতিক যে চক্রান্ত হচ্ছে, তাও আসলে আমাদের ভাবায়—আমরা কেমন রাষ্ট্রে বসবাস করি।’
চিত্তনামার উপদেষ্টা মারুফ শেখ বলেন, ‘অপ্রতিমের ওই রক্তাক্ত চেহারা বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের শাসনব্যবস্থার মুখে কালো কাপড় পরিয়ে দিয়েছে অপ্রতিম। এই হত্যার দায় এই সমাজ অস্বীকার করতে পারে না। শুরু থেকে পুলিশের গাফিলতি, রাষ্ট্রীয় দায়সারা ভাব—সবকিছু আসলে দেখিয়ে দেয়, একজন মানুষ মারা গেলেও রাষ্ট্রের কিছু করার নেই। আজ রাষ্ট্রের বিচার প্রক্রিয়া ঠিকভাবে কাজ করলে আমরা হয়তো অপ্রতিমকে হারাতাম না। আমরা এই জায়গা থেকে অপ্রতিম হত্যার বিচারের দাবি তুলছি।’
সংগঠনটির সাধারণ সম্পাদক ঋক্তা চক্রবর্তী বলেন, ‘এই হত্যার দ্রুত বিচার হোক, আমরা সেটা চাই। কিন্তু আমরা দেখলাম, শুরু থেকে পুলিশের লোক দেখানো কান্নাকাটি এবং গাফিলতি। তারা শুধু নিজেদের পক্ষে সাফাই গাওয়া ছাড়া কিছু করেনি। তাই আমরা অন্তত আশা করি, বিচারটুকু হোক। আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও নিরাপদ নই। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও এদিকে নজর কম।’