‘আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতি ঘটলে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে’ —ইউএনও অশোক বিক্রম চাকমা

তাছকিয়া রহমান প্রতিভা, দেবীদ্বার।।

কুমিল্লার দেবীদ্বারে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, যৌতুক, বাল্যবিয়ে, চুরি ও ছিনতাই রোধ এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে এই যৌথ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।

সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইমাম হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট রাজনীতিক কাজী মাসুদ, অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম মন্টু। ইউপি সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অধ্যক্ষরা আলোচনায় অংশ নেন।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিয়ের মতো সামাজিক ব্যাধি দূর করতে হলে কেবল প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন পরিবার ও সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টা। বিশেষ করে প্রতিটি পরিবারে সন্তানদের কার্যকলাপের ওপর সতর্ক নজর রাখতে হবে এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

অনুষ্ঠানে এলাহাবাদ ইউনিয়নের বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানরা, ইউনিয়ন পরিষদের সদস্যরা, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান আলোচকের কাছে প্রশ্ন তোলেন এবং তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।