মারুফ আহমেদ।।
কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর আদনান আলতাফ (ভারতীয় নাগরিক) নামে ইস্টার্ন মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে পশ্চিম মনিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ হোসাইন রাথার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান আদনান। পরে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, নিখোঁজের খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধারে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।