আহনাফ তিহামী, দাউদকান্দি প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. পারভেজ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজায় পুলিশের চেকপোস্টে একটি বাসে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. খলিলুর রহমান ও দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল টোল প্লাজায় চেকপোস্ট বসায়। এ সময় একটি বাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ পারভেজকে গ্রেপ্তার করা হয়। অভিযানে দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আবু সেলিম রেজা ও পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তার পারভেজ কুমিল্লা নগরের কোতোয়ালি থানার সূর্যনগর এলাকার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. বাদল এবং মায়ের নাম পারভিন আক্তার।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ জানিয়েছেন, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।