গাজী রুবেল।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মো. সোনা মিয়া ওরফে ইসমাইলকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এইচ এম হেদায়েত উল্লাহ সরদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে উল্লেখ করা হয়, দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে বুধবার (২২ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এ সময় সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। স্থানীয় সূত্র জানায়, আটক সোনা মিয়া ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবং তিনি ওই গ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, “দলের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।