ঈদে বাড়ি ফেরা হলো না: সড়কে প্রাণ গেল বাকপ্রতিবন্ধী জালালের

গাজী রুবেল, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি 

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় জালাল উদ্দীন (৪৫) নামের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বড়ধুশিয়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দীন উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তিনি কুমিল্লার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

স্বজনদের বরাতে জানা যায়, ঈদের ছুটি উপলক্ষে বাড়ি ফেরার পথে চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া আদর্শ কলেজের সামনে দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জালাল উদ্দীন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “ঘটনাটি এখনো আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।