নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী উপহার বিতরণ 

মারুফ আহমেদ

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঐতিহ্যবাহী নারায়নসার গ্রাম যেন ঈদের আগেই উৎসবের আবহে ভরে উঠল। প্রবাসে থাকা সন্তানদের ভালোবাসা আর মানবিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে “নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থা” আয়োজন করেছে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি।

বুধবার সকালে নারায়নসার বড়বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে গ্রামবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দূরদেশে থেকেও হৃদয়ের টান অটুট রেখেছেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সভাপতি, আমেরিকান সিটিজেন মো. শাহ আলম, যিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে কার্যক্রমের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সমাজসেবক মো. আবু তাহের কন্ট্রাক্টরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব জামাল খন্দকার।

সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, ফজলুল হক লাকী, মিজানুর রহমান, অধ্যক্ষ সালাহউদ্দিন আহমেদ, আনোয়ার হোসেন, মাওলানা মজিবুর রহমান,  ইঞ্জিনিয়র ইউনুস মিয়া, মো. আবুল কালাম, আব্দুস সাত্তার, রফিকুল ইসলাম মাস্টার, সিনিয়ন শিক্ষক আকবর হোসেন শাহীন, ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, শহিদুল ইসলাম, গোলাম রাব্বানী, বদিউল ইসলাম বাবুল, আবু ইউসুফ, আব্দুর রউফ প্রমূখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, আলেম ও সমাজসেবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই মানবিক উদ্যোগকে আরও অর্থবহ করে তোলেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. অলী উল্যাহ। তিনি বলেন, “প্রবাসে থাকলেও আমাদের হৃদয় গ্রামেই পড়ে থাকে। ঈদের আনন্দ যেন গ্রামের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—এটাই আমাদের লক্ষ্য। তিনি আরো বলেন, এই সংগঠনটি একক ব্যক্তির নয়, এটি সকলের”

এই আয়োজনে নারায়নসার গ্রামের ১৬টি মসজিদের খতীবদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং ১১৪টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ফলে নিম্নআয়ের মানুষের ঈদ আনন্দে যুক্ত হলো এক টুকরো স্বস্তি ও হাসি।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, প্রভাষক আব্দুল কাইয়ূম ও শিক্ষক আকবর হোসেন শাহীন।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়নসার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা সফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন, সংগঠনের অর্থ সম্পাদক  সফিকুল ইসলাম মনির, রিয়াজ উদ্দিন বাবলু,  দুলাল মিয়া, মো. শাহ্ আলম মোল্লা, শহীদুল ইসলাম সহ আরো অনেকে।

উল্লেখ্য, নারায়নসার প্রবাসী কল্যাণ সংস্থা শুধু ঈদভিত্তিক কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; বরং রক্তদান কর্মসূচি, অসহায়দের ঘর নির্মাণ, সেলাই মেশিন বিতরণ, শিক্ষা সহায়তা, কোরআন প্রতিযোগিতা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ সমাজের বহুমাত্রিক উন্নয়নে ধারাবাহিক অবদান রেখে চলেছে।

এই উদ্যোগ প্রমাণ করে—দূরত্ব যতই হোক, মানবিকতার বন্ধন কখনো ম্লান হয় না।