একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী

স্টাফ রিপোর্টার।।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা শিগগিরই নিরসন করা হবে। এ জন্য আমি গতরাতেও প্রশাসনের লোকজনের সঙ্গে আলাপ করেছি। তারা আমাকে বলেছেন একটি কালভার্ট হলে সমস্যা কমে যাবে। কলেজের জিয়া অডিটরিয়াম চুঁইয়ে পানি পড়ে। এখানে প্রবেশের পর সবাই ওপরের দিকে চেয়ে থাকে, কথা দিলাম-এ সমস্যাও আর থাকবে না।

শনিবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের আয়োজিত আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের যত ডিপ টিউবওয়েল ও শ্যালো আছে, সবকটিকে সোলারের আয়তায় আনার পরিকল্পনা করছে সরকার। এতে করে ডিজেলের চাহিদা থাকবে না এবং কৃষকের উৎপাদন খরচ কমে আসবে। এই পরিকল্পনায় সরকারের যত কোটি টাকা খরচ হয় তা বাস্তবায়ন করবে সরকার।
এ সময় তিনি বলেন, এখনও পৃথিবীতে রাজা আছে। আগের রাজাদের চাহিদা ছিল এক রকম। এখনকার বিশ্ব রাজাদের চাহিদা অন্যরকম। তারা জীবন, সম্পদ বা আপনার দেশ চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ভিক্টোরিয়ার সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভূঁঞা। সঞ্চালনা করেন কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান।

এর আগে বিতর্ক প্রতিযোগিতায় কলেজের চারটি দলের রম্য বিতর্ক উপভোগ করেন মন্ত্রী।
বিতার্কিকদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জাতীয় পর্যায়ে রানার্সআপ হয়েছ। যদি চ্যাম্পিয়ন হতে পার-এখনই বলছি না কি পুরস্কার দেব, তোমাদের সবাইকে সম্মানিত করা হবে। অধ্যক্ষকে বলতে চাই, ভিক্টোরিয়া কলেজের বিতার্কিকরা কোথাও যেন অর্থ কষ্টে না পড়েন। অর্থের কারণে তারা যেন প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। বিষয়টি অবশ্যই আমাকে অবগত করবেন।