কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি, ফুলেল শুভেচ্ছায় বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন ও নীতিমালা অনুযায়ী বিদ্যালয়টির নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাৎ হোসেনের চূড়ান্ত অনুমোদনের পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামানের পক্ষে সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু বকর মোহাম্মদ ছিদ্দিক কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন।

আজ সকাল ১১টায় বিদ্যালয়ের অফিসকক্ষে আনন্দঘন পরিবেশে নবগঠিত কমিটির পরিচিতি, ফুল দিয়ে বরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তফা কামাল। এরপর নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান। পরে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

পরে আলোচনা সভায় বক্তব্য দেন সভাপতি মোঃ আবদুল কাদের, সহ সভাপতি ফয়েজ আহমেদ, সদস্য জেসমিন আক্তার, ফারজানা ইয়াছমিন নিশি, মোসাঃ আছমা আক্তার পলি, ফাতেমা আক্তার মুন্নি, শিক্ষকদের পক্ষে – মোঃ মোস্তফা কামাল, আবদুর রহিম, মোঃ আবদুল কাদের, আবদুর রহমান ও সায়েমা আক্তার।

আলোচনা সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, পাঠদানে আরও আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দেওয়া এবং সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টিকে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানানো হয়।

১২ সদস্যবিশিষ্ট নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মো. আবদুল কাদের। সহসভাপতি নির্বাচিত হয়েছেন অভিভাবক সদস্য মো. ফয়েজ আহমেদ (রিপন) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান।

কমিটির অন্যান্য সদস্য হলেন—বিদ্যোৎসাহী সদস্য ফারজানা ইয়াছমিন নিশি, নিকটবর্তী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. ওবায়েদুল হক, অভিভাবক সদস্য মোস্তাফিজুর রহমান রিপন, জেসমিন আক্তার ও মোসা. আছমা আক্তার পলি, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মো. মোস্তফা কামাল, স্থানীয় জনপ্রতিনিধি ফাতেমা আক্তার মুন্নি, দাতা সদস্য উত্তম মজুমদার এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবুল কাশেম।

শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে নবগঠিত কমিটির যাত্রা শুরু হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটি, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতায় কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সমৃদ্ধ হবে এবং একটি আদর্শ বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।