কিশোর গ্যাং দমনে ব্রাহ্মণপাড়ায় রাতভর অভিযান আটক ৩১

গাজী রুবেল।।
কিশোর গ্যাংয়ের তৎপরতা, বখাটেপনা ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় রাতভর পরিচালিত অভিযানে মোট ৬২৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণপাড়া থানা এলাকায় ৩১ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ ও পরিচয়সহ বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন বলেন, কুমিল্লা পুলিশ সুপার স্যার নির্দেশনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ কিশোর গ্যাংয়ের তৎপরতা, অপরাধপ্রবণতা ও রাতের অপ্রয়োজনীয় আড্ডা নিয়ন্ত্রণে এ অভিযান জোরদার করা হয়। এ ধরনের অভিযান মাসব্যাপী চলমান থাকবে।তিনি বলেন, সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া কিশোরদের বাইরে ঘোরাফেরা না করার বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ক্লাস ফাঁকি দিয়ে হোটেল-রেস্তোরাঁয় আড্ডা দেওয়া এবং অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
ওসি আরও বলেন, কিশোররা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কখন বাসায় ফিরছে এসব বিষয়ে অভিভাবকদের নজরদারি বাড়ানো জরুরি। কিশোরদের বিপথগামী হওয়া ঠেকাতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণপাড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।