স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা জেলার মৎস্য খাতের আমূল পরিবর্তন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের দক্ষ করে তোলার লক্ষ্যে দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মে)ব্র্যাক লার্নিং সেন্টার কুমিল্লাতে, ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এই অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্যচাষীদের আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ১০০ জন অগ্রগামী মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মাছ চাষের লাভজনক পদ্ধতি ও আধুনিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান আলোচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর প্রস্তুতি এবং পানির গুণগত মান নিয়ন্ত্রণ। প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের সঠিক ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা।
মানসম্মত পোনা নির্বাচন এবং সুষম খাদ্যের সঠিক বণ্টন।
মাছের সাধারণ রোগ প্রতিরোধ ও তার আধুনিক চিকিৎসা ব্যবস্থা।
ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তৃতা দেন ব্র্যাক ফিসারিজ এর এজিএম সেলস জনাব এ কে এম রবিউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মৎস্য কর্মকর্তা মো: ওয়াহিদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হিজবুল বাহার এবং প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ গিয়াস উদ্দিন। পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক এর মান ব্যবস্থাপক মনজুরুল এ মাহবুব।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) মোঃ রিমন চৌধুরী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক জিয়া উদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অফিসার (সেলস) মো: সোহেল রানা।
তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য ছিল হাতে-কলমে শেখার সুযোগ। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে চাষীরা তাদের মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান ও পরামর্শ প্রদান করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ মৎস্য উৎপাদন বৃদ্ধিতে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজক সংস্থা ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও খামারিদের স্বাবলম্বী করতে পর্যায়ক্রমে দেশের অন্যান্য অঞ্চলেও এ ধরনের উন্নত প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।