লালমাইয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার লালমাই উপজেলা উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা এলাকায় মাদ্রাসার এক ছাত্রীকে ধ*র্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

রোববার (১০ মে) দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে যুক্তিখোলা বাজারের একটি দোকানে আটকে রেখে ধ*র্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে যুক্তিখোলা বাজারে অবস্থিত এনায়েত টেলিকমের স্বত্বাধিকারী এনায়েত উল্লাহকে।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। তার দোকানটি যুক্তিখোলা বাজারে অবস্থিত বলে জানা গেছে।

খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অভিভাবক, সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।