কুমিল্লা মহানগর যুবশক্তির নেতৃত্বে কুবির রায়হান-রহিম

রাহাদুল ইসলাম সুজন, কুবি।।
জাতীয় যুবশক্তির কুমিল্লা মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আবু রায়হানকে আহ্বায়ক এবং আব্দুর রহিমকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া আজাদ হককে মুখ্য সংগঠক করা হয়েছে।

অনুমোদিত কমিটির আহ্বায়ক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং সদস্য সচিব একই শিক্ষাবর্ষের প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থী।

বুধবার (১২ আগস্ট) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

সদস্য সচিব আব্দুর রহিম বলেন, “আমার কাছে রাজনীতি মানে হলো মানুষের জন্য কাজ করার একটি দায়িত্ব। রাজনীতি করার উদ্দেশ্য যদি শুধু পদ-পদবি বা ক্ষমতা হয়, তাহলে তা দীর্ঘস্থায়ী হয় না। প্রকৃত রাজনীতি হলো মানুষের আস্থা অর্জন করা, তাদের সমস্যা বোঝা এবং সমাধানের জন্য কাজ করা।”

আহ্বায়ক আবু রায়হান বলেন, “আমার কাছে রাজনীতি কোনো পেশা নয়, এটি মানুষের প্রতি একটি অঙ্গীকার। রাজনীতি করার উদ্দেশ্য হলো জনগণের কণ্ঠস্বর হওয়া, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং রাষ্ট্রের প্রতিটি সিদ্ধান্তে সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।”

তিনি আরও বলেন, “ক্ষমতা আসতে পারে, যেতে পারে; কিন্তু মানুষের বিশ্বাস অর্জন করাই একজন রাজনীতিকের সবচেয়ে বড় সাফল্য। আমরা এমন রাজনীতি চাই, যেখানে বিভেদ নয়, ঐক্য; প্রতিশ্রুতি নয়, বাস্তব কাজ; এবং ব্যক্তিস্বার্থ নয়, জনস্বার্থ প্রাধান্য পায়।”

উল্লেখ্য, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।